২৫ জুলাই, ২০২৫ ১২:৪৯ পিএম

‘হাত ধরে ছেলেটা বলেছিল, বাবা আমি মরবো না’

‘হাত ধরে ছেলেটা বলেছিল, বাবা আমি মরবো না’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানল। ভয়াবহ বিমান বিধ্বস্তে আগুনে দগ্ধ হয়ে ৮৫ শতাংশ শরীর পুড়ে যায় ১২ বছরের এই মেধাবী ছাত্রের। মৃত্যুর আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বাবার হাত ধরে বলেছিল, ‘বাবা আমি মরবো না।’

কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাহতাবের মৃত্যু হয়। মৃত্যুর আগে সে তিনদিন ধরে আইসিইউর ১১ নম্বর বেডে লাইফ সাপোর্টে ছিল।

তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেটা খুব মেধাবী ছিল। ৬ষ্ঠ শ্রেণি থেকে ফার্স্ট হয়ে ৭ম শ্রেণিতে উঠেছিল। অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে। হাসপাতালে ছেলেকে শেষবার দেখতে গিয়ে দেখি, তখনও তার জ্ঞান ছিল। আমার নম্বর চিকিৎসককে দিয়ে বলেছিল, বাবাকে ডেকে আনেন। সে আমার হাত ধরে বলেছিল, বাবা আমি মরবো না। কিন্তু আল্লাহ আমার মাহতাবকে নিয়ে গেলেন।’

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আমরা তাকে বাঁচাতে পারিনি।’

মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। বর্তমানে তারা ঢাকার উত্তরায় থাকেন। মাহতাবের বড় বোন নাবিলা দশম শ্রেণিতে পড়ে, আর ছোট বোন নাইসার বয়স মাত্র তিন বছর। তার বাবা গ্রেটওয়াল সিরামিক কোম্পানির এজিএম পদে কর্মরত।

বিকেলে মাহতাবের মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় কুমিল্লার দেবিদ্বারে নিজ বাড়িতে। রাত ৯টা ৪৫ মিনিটে চুলাশ উখারী বাজার শাহী ঈদগাঁ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৃষ্টিকে উপেক্ষা করে অংশ নেন শত শত মানুষ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মাহতাবের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। ছেলের জানাজায় অংশ নিতে এসে ভেঙে পড়েন বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া। তিনি দেশবাসীর কাছে ছেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এসএইচ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক