২৩ অগাস্ট, ২০২৫ ০১:০৬ পিএম

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল আটটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, নিহত শিক্ষার্থী তাসমিয়ার (১৫) শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাসমিয়ার। সেখানেই সকাল আটটার দিকে মারা গেছে।

বার্ন ইনস্টিটিউটে এ নিয়ে মোট ২০ জনের মৃত্যু হলো। হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২২ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালে একজনসহ মোট ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আহত হন শতাধিকেরও বেশি ছাত্র-শিক্ষক।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরায় বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক