ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭৩ জন, হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭৮ জন
মেডিভয়েস রিপোর্ট: দেশজুড়ে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭৮ জন। আজ শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৯ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ২৩ জন এবং ঢাকা বিভাগের বাইরে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। খুলনা বিভাগের বাইরে ১০ জন, ময়মনসিংহ বিভাগের বাইরে ৪ জন, রাজশাহী বিভাগের বাইরে ১৪ জন এবং রংপুর বিভাগের বাইরে ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মোট ১৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২৬ হাজার ৫৫৭ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
আজকের দিনে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।