১৪ জুলাই, ২০২৫ ০৮:২১ পিএম

বিএমইউতে নির্ভুল রোগনির্ণয়ে বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব শীর্ষক সেমিনার

বিএমইউতে নির্ভুল রোগনির্ণয়ে বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব শীর্ষক সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বিএমইউ এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে বাংলাদেশে সুনির্দিষ্ট রোগনির্ণয় ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা প্রয়োগে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির অপরিহার্য ভূমিকা তুলে ধরা হয়। একই সাথে প্রেসিশান মেডিসিনের উপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির প্রয়োজনীয়তার কথা তুলে করেন। এই ধরনের সেমিনার ল্যাবরেটরির মানোন্নয়ন, মেডিকেল ডায়াগনোস্টিকস ও চিকিৎসায় অগ্রগতির পথকে ত্বরান্বিত করাসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখাবে বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে সূচনা বক্তব্য প্রদান করেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। এতে দেশি ও বিদেশি খ্যাতনামা বিশেষজ্ঞরা মূল বক্তব্য উপস্থাপন করেন। অস্ট্রেলিয়ার অনকোলজিস্ট এবং MiHealthOmiX ও Xing-Technologies-BD এর চেয়ারম্যান ও সিইও অধ্যাপক ডা. পল মেইনওয়ারিং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিসিশন মেডিসিন কীভাবে রোগীর চিকিৎসার মানোন্নয়ন করছে তা ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা পরামর্শক ও আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) ১৫১৮৯:২০২২ প্রকল্প নেতা শিলা উডকক বায়োমলিকুলার ল্যাবের আইএসও স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন। আইএসও পরিদর্শক ও কিউএমএস পরামর্শক প্যাট্রিক মাতেতা মেডিক্যাল ল্যাবরেটরি স্বীকৃতি প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি বাংলাদেশে প্রিসিশন মেডিসিন ও টার্গেটেড থেরাপির বর্তমান অবস্থা তুলে ধরেন।

এ ছাড়া টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের প্রধান ও টিএমসির হিস্টোপ্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডিএম আরিফুর রহমান একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে আরা বেগম, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন এবং বিএমইউর মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ।

এ ছাড়া প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, ল্যাবরেটরি মেডিসিন ও ভাইরোলজি বিভাগের চেয়ারপার্সন ও বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করেন।

এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত