ঢামেকে আবাসনসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সাইদুল ইসলাম সাঈদ: নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজের মিলন চত্বরে এই কর্মসূচি শুরু হয়।
পরে সেখান থেকে একটি মিছিল হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় ‘প্রহসন মানি না, মানবো না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।
তারা জানান, সাত মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনে এখনও তারা জীবন ঝুঁকি নিয়ে বসবাস করছেন, আর কর্তৃপক্ষ উদাসীন। পাঁচ দফা দাবি আদায়ে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন এবং বিকল্প ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন।
অবস্থানকালে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, ‘আমরা আসলে মৃত্যুঝুঁকিতে আছি, দুই-এক সেকেন্ডের ব্যবধানে জীবন বেঁচে যাচ্ছে। যেমন আমি যেখানে অবস্থান করছি বা দাড়িয়ে আছি, এখান থেকে সরে যাওয়ার দুই-এক সেকেন্ডের মধ্যে উপর থেকে পলেস্তারা, রড, ইট খুলে পড়ছে।’
শিক্ষার্থীদের দাবি, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসসহ একাধিক ভবন দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সাত মাস আগে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তারা বলেন, এই ভবনগুলোতে বসবাসের অভিজ্ঞতা মানেই প্রতিদিন একটা অদৃশ্য মৃত্যু-ভয়ের সঙ্গে বসবাস করা। রানা প্লাজা বা জগন্নাথ হল ট্র্যাজেডির মতো ভয়াবহ ঘটনা এড়াতে এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।
শিক্ষার্থীরা আরও জানান, তারা একদিনের ক্ষোভে নয়, ধারাবাহিক উদ্বেগ ও সচেতনতার ভিত্তিতে এই আন্দোলনে নেমেছেন। এর আগেও বিভিন্নভাবে প্রতিবাদ করা হয়েছে। কে-৮২ ব্যাচ তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, বিভিন্ন ব্যাচ ক্লাস ও ওয়ার্ড বর্জন করেছে এবং এমনকি প্রশাসনিক ভবনে তালা লাগানোর মতো চূড়ান্ত প্রতিবাদও হয়েছে।
পাঁচ দফা দাবি-
শিক্ষার্থীদের স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে
১. নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস।
২. আবাসন ব্যবস্থা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা।
৩. নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা।
৪. আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন ও দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন।
৫. সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ।
-
১৯ জানুয়ারী, ২০২২