২১ জুন, ২০২৫ ১২:১৩ পিএম

প্রসবের পরই নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রসবের পরই নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যশোর জেনারেল হাসপাতালে সন্তান প্রসবের পর মায়ের বিরুদ্ধেই নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হাসপাতালের শৌচাগারে মুখে পানি ঢেলে হত্যাচেষ্টার সময় নবজাতকের চিৎকার শুনে স্বাস্থ্যকর্মীরা তাকে উদ্ধার করেন। তবে মা রত্না বিশ্বাস মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্বজনরা।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রত্না বিশ্বাস জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ জুন) পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রত্না। পরের দিন ভোররাত ৪টার দিকে ওয়ার্ডের শৌচাগারে সন্তান প্রসব করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রত্না বিশ্বাস কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই শৌচাগারে একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর নবজাতককে নিজ শরীর থেকে বিচ্ছিন্ন করে তার মুখে বদনার সাহায্যে পানি ঢালতে শুরু করেন। শিশুর চিৎকার শুনে দ্রুত সেখানে উপস্থিত হন দায়িত্বরত নার্সরা। নবজাতককে মায়ের হাত থেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিশু ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা শুরু হয়। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আজ শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালটির শিশু বিভাগের প্রধান ডা. আহাম্মেদ ফেরদৌস জাহাঙ্গীর মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্য মায়েরাও শিশুটির দেখাশোনা করছেন এবং আমরা একটি নার্সকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য তার পাশে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘রত্না বিশ্বাস মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি প্রমাণসহ জানানোর জন্য তার স্বামী ও স্বজনদের ডাকা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত আসেননি।’

টিআই/এনএআর/