১৬ জুন, ২০২৫ ০৩:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের ওএইচআরপির স্বীকৃতি পেল বিএমইউর ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড

যুক্তরাষ্ট্রের ওএইচআরপির স্বীকৃতি পেল বিএমইউর ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের অফিস ফর হিউম্যান রিসার্চ প্রোটেকশন্সের (ওএইচআরপি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি)। এর ফলে দেশের মেডিকেল উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠানটির গবেষণার প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য বিবেচিত হবে।

গত ১১ জুন আইআরবিকে নিবন্ধিত হিসেবে তালিকাভুক্ত করে ওএইচআরপি।

ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) একটি নীতি নির্ধারণী কমিটি—যার প্রধান কাজ গবেষণামূলক কার্যক্রমের নৈতিকতা, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে এই কমিটি গবেষণা প্রকল্পের অনুমোদন প্রদান, গবেষণার নৈতিকতা পর্যালোচনা, ঝুঁকি মূল্যায়ন, গবেষণা চলাকালীন নজরদারি, গবেষণায় অংশগ্রহণকারীদের সুরক্ষা ইত্যাদি নিশ্চিতকরণে ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা বলছেন, ওএইচআরপির নিবন্ধনপ্রাপ্তির অর্থ হলো আইআরবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৈতিক মান অনুসরণ করে। এ ছাড়া নিবন্ধনপ্রাপ্তির ফলে প্রতিষ্ঠানটির গবেষণার প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। এটি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, তহবিল এবং বহুজাতিক গবেষণা দলের সাথে কাজ করার ক্ষেত্রও সহজ ও সম্ভাবনাময় করে তুলবে।

জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম মেডিভয়েসকে বলেন, ‘ওএইচআরপির নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ফান্ড পেতে পারেন। গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উঠতেও এটি সহায়তা করবে। একই সাথে তারা (ওএইচআরপি) বিভিন্ন সময়ে আমাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কার্যক্রম তদারক করবে, তারা এর কোয়ালিটি বা গুণগত মান তদারক করবে। এই তদারকির কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাও উন্নত হবে।’

অধ্যাপক শাহিনুল আলম বলেন, ‘ভবিষ্যতে এসব গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশের ক্ষেত্রে আমরা সুবিধা পাব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং অর্জনেও এই তালিকাভুক্তি সহযোগিতা করবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত