চাঁদপুর মেডিকেলের ডা. ফয়সালকে বদলির প্রতিবাদ শিক্ষার্থীদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিকুল হাসান ফয়সালকে বদলির প্রতিবাদে মানববন্ধন করেছেন চাঁদপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।
গত ২৪ মে হাসপাতাল চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।
চাঁদপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের আহ্বায়ক ডা. সফওয়াত সাইফ উল্লাহ বলেন, ‘জনবান্ধব ও নিষ্ঠাবান চিকিৎসক রফিকুল হাসান ফয়সালকে এক চক্রান্তমূলক পরিকল্পনার অংশ হিসেবে হঠাৎ বদলি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডা. ফয়সাল স্যার একজন দায়িত্বশীল, মানবিক ও জনসেবায় নিবেদিত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরে কর্মরত ছিলেন। তাঁর চিকিৎসাসেবা, পেশাগত নিষ্ঠা ও জনসম্পৃক্ততা এলাকার জনগণের হৃদয়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বদলি কোনো স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ নয়, বরং এটি কিছু কুচক্রী মহলের অপচেষ্টার ফসল, যার উদ্দেশ্য সৎ ও দক্ষ চিকিৎসকদের হেয় করা এবং স্বাস্থ্যসেবায় রাজনীতিকীকরণ করা’—যোগ করেন ডা. সফওয়াত সাইফ।
ইন্টার্ন চিকিৎসকরা এই ‘ষড়যন্ত্রমূলক বদলির’ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ‘অন্যায় সিদ্ধান্ত’ অবিলম্বে প্রত্যাহার করে ডা. রফিকুল হাসান ফয়সালকে বর্তমান কর্মস্থলে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
প্রসঙ্গত, গত ১৫ মে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সালকে কুড়িগ্রাম ২৫০ শয্যার হাসপাতালে বদলি করা হয়। এর পর থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এ সিদ্ধান্তের প্রতিবাদ ও বাতিলের দাবি জানিয়ে আসছে।
এমইউ/