পারিতোষিক পাচ্ছেন আন্দোলনরত এফসিপিএস প্রশিক্ষণার্থীরা
মেডিভয়েস রিপোর্ট: আন্দোলনের মুখে জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনের এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। গত ২০ মে কলেজের জরুরি কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৪ মে) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০১৯ বা তৎপূর্ববর্তী সময়ে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের কলেজের পারিতোষিক নীতিমালা অনুযায়ী ভাতা প্রদান করা হবে। এ-সংক্রান্ত অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ২০ মে মহাখালীর বিসিপিএস ক্যাম্পাসে বকেয়া পারিতোষিকের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই-২০১৯ সেশনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা একদল প্রশিক্ষণার্থী। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর স্লটের পারিতোষিক পরিশোধ করা হয়নি জানিয়ে ওই সময় প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে বিসিপিএস প্রশাসন ৭২ জন প্রশিক্ষণার্থীর ভাতা বন্ধ করে দিয়েছেন। নতুন নির্দেশনায় জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনে প্রথম পর্ব পাস করা এফসিপিএস প্রশিক্ষণার্থীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ওই সময় দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছিলেন এসব প্রশিক্ষণার্থী।
পরে বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন প্রশিক্ষণার্থীরা। একই দিন জরুরি সভা আহ্বান করে সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেছিলেন অধ্যাপক এবিএম জামাল।
এদিকে আজ নতুন নির্দেশনা জারির পর উচ্ছ্বসিত আন্দোলনরত প্রশিক্ষণার্থীরা। বিসিপিএস কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা।
প্রতিক্রিয়া জানতে চাইলে আন্দোলনরত প্রশিক্ষণার্থী ডা. মাকসুদা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘বিসিপিএসের স্যার-ম্যামদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, দেরিতে হলেও আমাদের সঙ্গে যেই বৈষম্য হয়েছে তার আনুষ্ঠানিক অবসান ঘটানোর জন্য।’
তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে আশা করি আর কোনো বাধার সম্মুখীন হব না। বিসিপিএস সব সময় প্রশিক্ষণার্থীবান্ধব হবে বলে আশা রাখছি।’
এনএআর/
-
০৭ এপ্রিল, ২০২৪
ভাতা ছাড়া দশ মাস
সহস্রাধিক প্রশিক্ষণার্থী চিকিৎসকের বিবর্ণ ঈদ
-
১৫ জুন, ২০২৩
-
১৩ এপ্রিল, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৭ জানুয়ারী, ২০২৩
-
২৫ জানুয়ারী, ২০২৩
-
২৮ ডিসেম্বর, ২০২২