কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার
মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের ওপর হমলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা সহ চিকিৎসার সামগ্রিক পরিবেশকে অনুকূল, নিরাপদ ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে সরকার।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর কিংবা চিকিৎসকদের হুমকির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। সেজন্য সরকার চিকিৎসকদের নিরাপত্তা সহ চিকিৎসার সামগ্রিক পরিবেশকে অনুকূল, নিরাপদ ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সিভিল সার্জনদের প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে হবে।’
চিকিৎসকদের প্রতি জনগণের কিছু অভিযোগ রয়েছে। আমি বিশ্বাস করতে চাই এ অভিযোগগুলো যেন মিথ্যা প্রমাণিত হয়। জনগণের সবচেয়ে বড় অভিযোগ হলো- অনেক সরকারি চিকিৎসক হাসপাতালে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হন না বা পূর্ণ সময় থাকেন না। অনেক উপজেলা বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পান না। এই অনুপস্থিতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নবিদ্ধ করে ও স্বাস্থ্যখাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।
চিকিৎসকদের প্রতি জনগণের কিছু অভিযোগ রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই এ অভিযোগগুলো যেন মিথ্যা প্রমাণিত হয়। জনগণের সবচেয়ে বড় অভিযোগ হলো- অনেক সরকারি চিকিৎসক হাসপাতালে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হন না বা পূর্ণ সময় থাকেন না। অনেক উপজেলা বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পান না। এই অনুপস্থিতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নবিদ্ধ করে ও স্বাস্থ্যখাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।’
সেবাকে আরও জনমুখী করতে কিছু প্রস্তাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, পোস্টমর্টেম সেবাকে থানা পর্যায়ে নিয়ে যাওয়া, নারীদের পোস্টমর্টেম নারী চিকিৎসকের মাধ্যমে করানো, ধর্ষণ মামলায় নারী চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো—আর নারী চিকিৎসক না থাকলে নারী সেবিকা দিয়ে পরীক্ষা সম্পন্ন করে পুরুষ চিকিৎসকের মাধ্যমে স্বাক্ষর করানোর ব্যবস্থা করা যেতে পারে।
এছাড়া, শিক্ষক ও শিক্ষা উপকরণহীন এবং ভবনকেন্দ্রিক বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করা, অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করে মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন, এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ ৬ মাস শহরে ও ৬ মাস গ্রামে করার পাশাপাশি গ্রামে অবস্থানকালীন সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাবও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ‘এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে জনগণ দ্রুত ও সহজে সেবা পাবে, জনদুর্ভোগ কমবে এবং মানহীন চিকিৎসক তৈরির ঝুঁকি থেকে দেশ ও জাতি রক্ষা পাবে।’
সিভিল সার্জনদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আপনারা সমাজের সবচেয়ে মেধাবী মানুষ। তাই আপনাদের ওপরই মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। জেলা পর্যায়ে স্বাস্থ্যখাতের চালিকাশক্তি হিসেবে আপনাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রচেষ্টা ও ত্যাগ সরাসরি মানুষের জীবনকে প্রভাবিত করে—ছুঁয়ে যায় হৃদয়।
‘আপনারা হচ্ছেন জনগণের আশার আলো, আর দুঃসময়ে ভরসার আশ্রয়—যোগ করেন তিনি।’
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযান ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি এ সময় থানা বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে অংশীদার হয়ে মাদকাসক্তদের পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে সিভিল সার্জনদের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী প্রমুখ।
-
১২ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫