১৩ মে, ২০২৫ ০৪:০৩ পিএম

‘সামগ্রিক চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনবে এভিডেন্স বেইজ মেডিসিন’

‘সামগ্রিক চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনবে এভিডেন্স বেইজ মেডিসিন’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রমাণভিত্তিক চিকিৎসা রোগীর স্বার্থ সংরক্ষণসহ সামগ্রিক চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনবে বলে মনেকরেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে  ‘ইভিডেন্স বেইজড মেডিসিন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে শুরু হয়েছে আজ।

কর্মশালায় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এভিডেন্স-বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। প্রমাণভিত্তিক চিকিৎসা বিস্তারের মাধ্যমে রোগীসেবা, জনস্বার্থ সংরক্ষণ ও সামগ্রিক চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।’

প্রমাণভিত্তিক চিকিৎসাকে সত্যের সাক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসকরা যদি চিকিৎসাপত্রের দিকনির্দেশনা অনুসরণ করে এবং প্রমাণভিত্তিক চিকিৎসা অনুযায়ী ওষুধ লিখেন ও পরামর্শ দেন, তাহলে রোগীরা যেমন সঠিক চিকিৎসাসেবা পাবেন, তেমনি চিকিৎসক সমাজের ইতিবাচক ভাবমূর্তিও গড়ে উঠবে।’

‘নতুন জ্ঞান অর্জন, মানসম্মত চিকিৎসা শিক্ষার প্রসার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, রোগীসহ জনস্বার্থ রক্ষা এবং রোগীদের দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন ক্ষেত্রে প্রমাণভিত্তিক চিকিৎসার অবদান অপরিসীম’—যোগ করেন তিনি।

কর্মশালায় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোজাম্মেল হক ‘ক্রিটিক্যালি অ্যাপ্রেইজিং দ্য এভিডেন্সেস অ্যান্ড রেলেভেন্ট স্ট্যাটিস্টিক্স’ বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল, প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ ভাষায় প্রজ্ঞাময়, তথ্যবহুল একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এভিডেন্স বেইজড মেডিসিনের ইতিহাস ও প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন। তিনি এর ভূমিকা, মূল্যায়ন এবং ফরমুলেটিং ক্লিনিক্যাল কোয়েশ্চনসের (প্রমাণসমূহ ও প্রাসঙ্গিক পরিসংখ্যানের সমালোচনামূলক মূল্যায়ন) বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, এভিডেন্স বেইজড মেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগীর চিকিৎসায় সর্বোত্তম বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসকের পেশাগত অভিজ্ঞতা এবং রোগীর পছন্দ ও মূল্যবোধ—এই তিনটি উপাদান একত্রে বিবেচনায় নেওয়া হয়।

এই পদ্ধতি চিকিৎসাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে। এটি অপ্রয়োজনীয় চিকিৎসা হ্রাস করে এবং রোগীর সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় বিএমইউর ফিটোমেটারনাল মেডিসিন, কার্ডিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডিপার্টমেন্টাল কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির ২০ জন সদস্য অংশ নিচ্ছেন।

উদ্বোধনী দিনে রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের কিউএ কমিটির সদস্য অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, সদস্য অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা এবং পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ডা. আফরোজা বেগম প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত