পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুরাতন হাইকোর্ট গেইটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এই কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচি থেকে চিকিৎসকরা অতিদ্রুত তাদের পদোন্নতির দাবি জানান। একই সাথে অ্যাডহকে নিয়োগ পাওয়ার পর ক্যাডারভুক্ত হওয়া চিকিৎসকরা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ জানিয়ে তার প্রতিবাদ করেন তারা।
এ সময় ‘পদোন্নতির বিরুদ্ধে যারা, ফ্যাসিবাদের দোসর তারা’, ‘পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্র, রুখে দাও, রুখতে হবে’, ‘বিসিএস আমাদের সম্মান, সবাই মিলে রাখবো এর মান’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায় চিকিৎসকদের হাতে।
বক্তারা বলেন, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত। অনেকের চাকরি জীবনের প্রায় ১৫ বছর অতিবাহিত হওয়ার পরও পদোন্নতি পাননি। এমনকি উচ্চতর ডিগ্রি, সিনিয়র স্কেল পাস, চাকরি স্থায়ী হওয়াসহ পদোন্নতির সকল শর্ত পূরণ হওয়া সত্ত্বেও এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এ সময় ফোরামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল বলেন, ‘বিসিএস (গাইনি) ২১ ব্যাচের অনেক কর্মকর্তা ২২ বছর চাকরিকাল অতিক্রম হলেও সকল যোগ্যতার শর্ত পূরণ হওয়া স্বত্ত্বেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর প্রত্যক্ষ সহযোগিতায় সুপারনিউমেরারি পদসহ স্বাভাবিক পদোন্নতির জট খুলতে শুরু করেছে৷ এমতাবস্থায় স্বাস্থ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করতে বিগত ফ্যাসিবাদী সরকারের মদদপুষ্ট অ্যাডহক ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা এই পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে চক্রান্ত করছেন, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।
অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের হুঁশিয়ার করে ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাডহক বিধিমালা-১৯৯৪ অনুযায়ী অ্যাডহক নিয়োগ অবৈধ, অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের যাবতীয় অর্থনৈতিক সুবিধা ও পদোন্নতিও অবৈধ। সুতরাং যাদের নিয়োগ-পদোন্নতি অবৈধ ও রাজনৈতিক বিবেচনায়, তারা কোনভাবেই স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতি ঠেকাতে কোন ধরণের কোন দুঃসাহস দেখাবেন না।
এ সময় বিসিএস হেলথ ফোরামের সহ-সভাপতি ডা. এস এম বোরহান উদ্দিন, ডা. মনির হোসেন, ডা. আবদুল কাদির নোমান, কোষাধ্যক্ষ ডা. আবু মোহাম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হক, ডা. মো. মেহেদী হাসান ও ডা. ফাতেহ আকরাম দোলনসহ দুই শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
এনএআর/