২০ এপ্রিল, ২০২৫ ০৭:৫৭ পিএম

কাইয়ুম চৌধুরী বহিষ্কার, বারডেম হাসপাতালের নতুন মহাপরিচালক ডা. হাসান ফয়সাল

কাইয়ুম চৌধুরী বহিষ্কার, বারডেম হাসপাতালের নতুন মহাপরিচালক ডা. হাসান ফয়সাল
ডা. মির্জা এম হাসান ফয়সাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। আজ রোববার (২০ এপ্রিল) বারডেমের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত নোটিসে এ কথা বলা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মির্জা এম হাসান ফয়সাল।

অধ্যাপক মুর্তাজা কবীর ইজহারুল কাইয়ুম চৌধুরীকে অব্যাহতি দিয়ে নোটিসে বলা হয়, ‘গত ২০ জুন ২০২০ তারিখের বাডাস/সচিবালয়/ব্য: নথি-১৮৭/২০২০/১৬৫ নম্বর স্মারক মাধ্যমে বারডেম জেনারেল হাসপাতালে মহাপরিচালক পদে নিয়োগ পত্রের প্রেক্ষিতে আপনার চুক্তিভিত্তিক চাকুরীর মেয়াদ গত ১৩ মে ২০২৩ তারিখের বাডাস/সচিবালয়/ব্য: নথি-১৮৭/১৬৬ নম্বর স্মারক মাধ্যমে ২০ জুন ২০২৫ তারিখে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।’

এতে আরও বলা হয়, ‘আপনার কার্যকালে বারডেম জেনারেল হাসপাতালে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তা গর্বভরে স্মরণ করছে। কিন্তু আপনি আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখে বাইরের লোকজনসহ বারডেম হাসপাতালে এসে বারডেমের পরিবেশ নষ্ট করেছেন। ফলে বারডেমের চিকিৎসকবৃন্দ এবং চাকুরেগণ ধর্মঘটের ঘোষণা দেন। সে প্রেক্ষিতে আপনাকে বারডেমের মহাপরিচালক পদে রাখা সম্ভব হচ্ছে না।’

নোটিসে বলা হয়, ‘আপনাকে ১৮ মার্চ ২০২৫ তারিখ থেকে ১৯ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুর করা এবং আপনার নিয়োগপত্রের বিধির ০৬ নম্বর শর্ত মোতাবেক ২০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ২০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অগ্রীম বেতন পরিশোধ করত ২০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। আপনার সকল দেনা-পাওনার জন্য বারডেম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।’

হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক কাইয়ুম চৌধুরীর পদত্যাগ দাবি জানিয়ে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে ধর্মঘটের ঘোষণা দেন তারা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকরা এর বিরোধিতা করেন। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক হিসেবে ডা. মির্জা ফয়সালকে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত