১০ এপ্রিল, ২০২৫ ০৩:৩০ পিএম

বিএমইউর শিশু বিভাগে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপের সুযোগ

বিএমইউর শিশু বিভাগে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপের সুযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে শনিবার (১২ এপ্রিল)। জুলাই-২০২৫ সেশনে এক বছর মেয়াদি এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শিশু বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু বিভাগের অধীনে শিশু রিউমাটোলজি ডিভিশন পরিচালিত জুলাই-২০২৫ সেশনে এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের শিশু বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ২০ জুন পর্যন্ত বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তে বলা হয়েছে, কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে শিশু বিভাগের সাথে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা, যা নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এ ছাড়া কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের অ্যাকাউন্টে নিরাপত্তা জামানত (কশান মানি) ১০ হাজার টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ এপ্রিল থেকে অফিস চলাকালীন সময়ে সি ব্লকের ২০৭ নং কক্ষ থেকে ২০০ টাকা ফি বাবদ প্রদান করে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত