স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে লিডারশিপ প্রশিক্ষণের পরামর্শ বিএমইউ ভিসির
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে ধারাবাহিক লিডারশিপ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
রোববার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের উপর কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশের কর্মশালায় তিনি এ পরামর্শ দেন।
ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বিএমইউর ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের জন্য লিডারশিপ প্রশিক্ষণের মূল্যায়ন ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত ও দক্ষ করে তুলতে সহায়ক হবে।’
কর্মশালার শুরুতে স্ট্র্যাটেজিক লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের (SLMTP) ইতিহাস ও পটভূমি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনা ও গবেষণা, ডিজিএইচএসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আরাফাতুর রহমান প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতির বিবরণ তুলে ধরেন। এরপর গবেষণার প্রধান গবেষক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস্ কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের উপর প্রশিক্ষণের প্রভাব এবং কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
গবেষণার ফলাফল থেকে জানা যায়, স্ট্র্যাটেজিক লিডারশিপের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে পারে, যা স্বাস্থ্যসেবার উন্নতি এবং রিসোর্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। এরপর ডা. এ এম জাকির হোসেন, চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক হেলথ অ্যাসিস্ট্যান্স ট্রাস্ট এবং সদস্য, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, লিডারশিপের পাঁচটি ডিসিপ্লিনের তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। আলোচনায় লিডারশিপ প্রশিক্ষণের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস্ এর চেয়ারম্যান ও প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. সেকেন্দার আলী মোল্লা, ইউনিসেফের হেলথ সিস্টেম স্পেশালিস্ট ডা. ফিদা মেহরান।
এসএইচবি/
-
০২ জুন, ২০২৬