নিন্সে এনডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে (নিন্স) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) দুপুর ২টায় এনডিএফের নিন্স শাখার উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও কুইজের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফের নিন্স শাখার সভাপতি ডা. মো. মনিরুল ইসলাম ও সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ আফতাব রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের মানবিক চিকিৎসক হতে হবে। শেষ বিচারের দিন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, আমরা কিভাবে চিকিৎসা দিয়েছি? কোন অন্যায় করেছি কিনা?’
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নিন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াসউদ্দিন আহমেদ। এ ছাড়া যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, এনডিএফ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নিন্স শাখার সভাপতি ডা. রোস্তম আলী মধু ও ড্যাবের নিন্স শাখার সাধারণ সম্পাদক ডা. জালালুদ্দিন মুহাম্মদ রুমি।
রামাদানের তাৎপর্য নিয়ে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, রামাদানে আল্লাহ অতিশয় করুণার আধার হয়ে যান। রামাদানে সাওম পালন করে অনেকেই অনেক খারাপ কাজগুলো বন্ধ করতে পারেন না। এতে রামাদানের পবিত্রতা অর্জিত হয় না। রামাদান তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জিত না হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব না। এজন্য আমাদের সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে ড্যাবের নিন্স শাখার সভাপতি ডা. রোস্তম আলী মধু এনডিএফের রামাদানের প্রোগ্রামকে প্রশংসা করে বলেন, ‘আমরা ড্যাব-এনডিএফ একসাথেই আছি। এ-র মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করতে সক্ষম হবো।’
ড্যাবের নিন্স শাখার সাধারণ সম্পাদক ডা. জালালুদ্দিন মুহাম্মদ রুমি বলেন, ‘আমাদের ইনকাম হালাল না হলে আমাদের রোজা কবুল হবে না। আমাদের এ ব্যাপারে সচেষ্ট হতে হবে।’
নিন্সের যুগ্ম-পরিচালক অধ্যাপক মো. বদরুল ইসলাম বলেন, ‘আজকে এনডিএফের প্রোগ্রাম এত ভালো হয়েছে যে তা সকলের প্রোগ্রামে পরিনত হয়েছে। আজকের এনডিএফের ইফতারে ড্যাবের নেতৃবৃন্দের উপস্থিতি বলে দেয় প্রোগ্রামটি সার্বজনীন হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতি ডা. মনিরুল ইসলাম বলেন, ‘রামাদান মানুষের মুক্তির জন্য এসেছে। রামাদানের গরীব মানুষের কথা মাথায় রাখতে হবে।’
শেষে নিন্সে কর্মরতদের নিয়ে কুইজের আয়োজন করা হয়। এতে ৫৪০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২৩ জনকে পুরষ্কৃত করা হয়।
এমআই/