গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার। শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব ডা. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেওয়া হয়েছে।’
আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ তে এক হাজার ব্যক্তির প্রতিজনকে দুই লাখ টাকা করে প্রদান করা হবে। এই ক্যাটাগরিতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। ক্যাটাগরি ‘বি’ তে জনপ্রতি এক লাখ টাকা করে তিন হাজার জন পাবেন ৩০ কোটি টাকা। ক্যাটাগরি ‘সি’ তে প্রতিজন চার হাজার জনকে এক লাখ টাকা করে দেওয়া হবে। এ বরাদ্দ দেওয়া ৪০ কোটি টাকা। ক্যাটাগরি ‘ডি’ তে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা। এক্ষেত্রে সাত হাজার জন পাবেন ৩৫ কোটি টাকা।
এ ছাড়া আহতদের দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকার অনুদান দেওয়া হবে।
চিঠিতে আরও বলা হয়, ছাড় করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ/চেক উত্তোলন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ ছাড়া শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করতে হবে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে। এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এ সংক্রান্ত নীতিমালা জারি করতে হবে।
এমআই/এমইউ