১৬ জানুয়ারী, ২০২৫ ০৩:০৭ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

এমবিবিএস ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল (১৭ জানুয়ারি) শুরু হচ্ছে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে সকাল ১১টা পর্যন্ত। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা ২২ দিন সকল কোচিং সেন্টার অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানতে হবে যেসব নির্দেশনা

১. আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীগণ প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরণের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না।

২. কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল আটটায় এবং বন্ধ হবে সকাল সাড়ে নয়টায়।

৩. সকাল ৯.৩০ টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবগনকে অনুরোধ করা যাচ্ছে।

গত ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

সকলের জন্যে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

জানা গেছে, দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক