০৫ জানুয়ারী, ২০২৫ ১০:৫৮ এএম

চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধসহ আহত ৮

চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধসহ আহত ৮
প্রতীকী ছবি: কুকুর

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া, রামচন্দ্রপুর, গোমারবাড়ি ও ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বপ্রাপ্ত মো. আবুল হাশেম।

আহত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৫৮), শামীম হোসেন (১৯), ১৪ মাস বয়সের শিশু মো. ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল হোসেন (৫), সারওয়ার (৯), মিনহাজ হোসেন (১০) এবং আইরিন (৩)। আহত ব্যক্তিরা সবাই চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, এক সপ্তাহে অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু, যাদের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে একটি কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর স্থানীয়রা কুকুরটিকে মারতে ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। এরপর একে একে অনেককে কামড় দেয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাটাপাড় গ্রামের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, ‘আমার ছেলে ইরফানকে বাড়ির সামনে কুকুর কামড় দিয়েছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। এমন ঘটনা আমাদের এলাকায় প্রায়ই ঘটছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছি না।’

ফাতেমা বেগম নামে এক নারী বলেন, এলাকার কুকুরগুলো হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা বাড়ির বাইরে খেলতে যেতেই ভয় পাচ্ছে।

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মো. হোসাইন মামুন বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাবারের অভাবে এমন আক্রমণ করছে কুকুরে দল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিতে আসা কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার সংকট নেই তবে সরবরাহ চাহিদার তুলনায় কম।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক