ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের আবেদনের আহ্বান বিসিপিএসের
মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস ১ম পর্ব পাসকৃত ও জানুয়ারি ২০২৫ সেশনে ফেলোশিপ প্রোগ্রামে প্রবেশ করা প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের জন্য আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল এতে সই করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় জানুয়ারি ২০২০ সেশন থেকে জানুয়ারি ২০২৪ সেশনে এফসিপিএস ১ম পর্ব পাসকৃত এবং বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে আজ বুধবার (১ জানুয়ারি) ফেলোশিপ প্রশিক্ষণে প্রবেশ করেছেন তাঁদেরকে শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের ভাতার জন্য আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে।
আবেদনের শর্তসমূহ
১. নাম, পিতা অথবা স্ত্রীর নাম, মায়ের নাম এনআইডি বা স্মার্ট কার্ড মোতাবেক লিখতে হবে।
২. একই ইমেইল আইডি ও মোবাইল নম্বর একাধিক আবেদনকারীর রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা যাবে না। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র ব্যক্তিগত ইমেইল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
৩. বিএমডিসি নম্বর লেখার ক্ষেত্রে প্রথমে অ লেখার প্রয়োজন নেই। একটি বিএমডিসি নম্বর দিয়ে শুধুমাত্র একবারই আবেদন করা যাবে। ইতোপূর্বে যাঁরা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৪. এফসিপিএস পার্ট-১ পাসের পর কলেজের আইটি বিভাগ থেকে প্রাপ্ত (১০ ডিজিট) রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৫. এনআইডি নম্বর ১৭ ডিজিট অথবা স্মার্ট কার্ড ১০ ডিজিট হতে হবে। যদি এনআইডি ১৩ ডিজিট থাকে তাহলে পূর্বে জন্ম সন উল্লেখ করে ১৭ ডিজিট পূরণ করতে হবে।
৬. বর্তমানে কোথাও রেসিডেন্সি কোর্স/ডিপ্লোমা কোর্স/পেইড ট্রেনিং/চাকুরিতে থাকলে Yes ক্লিক করতে হবে এবং শুরুর তারিখ ও শেষ হওয়ার সম্ভাব্য তারিখ পূরণ করতে হবে (যে সকল আবেদনকারী এফসিপিএস কোর্স ব্যতীত রেসিডেন্সি কোর্স/ডিপ্লোমা কোর্স/পেইড ট্রেনিং/চাকুরিতে আছেন তাঁরা এই সম্মানীর আওতাভুক্ত নন)। বর্তমানে কোথাও রেসিডেন্সি কোর্স/ডিপ্লোমা কোর্স/পেইড ট্রেনিং/চাকুরিতে না থাকলে No এ ক্লিক করতে হবে।
৭. বর্তমানে কোথাও ট্রেনিংয়ে থাকলে Yes ক্লিক করতে হবে এবং কোন সুপারভাইজারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তা উল্লেখপূর্বক চলতি ছয় মাসের প্রশিক্ষণ শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
৮. পূর্বের কোন ট্রেনিং/ডিপ্লোমা/এফসিপিএস কোর্স থাকলে (প্রযোজ্য হলে) প্রতিষ্ঠানের নামসহ কোন সুপারভাইজারের অধীনে ট্রেনিং করেছিলেন তা উল্লেখপূর্বক শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
৯. অবশিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের নামসহ কোন বিভাগে কতদিন ট্রেনিং করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক প্রশিক্ষণ গ্রহণের শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
১০. আবেদনকারীর অবশ্যই সচল অনলাইন ও ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বর লিখতে হবে। উল্লেখ্য, অফলাইন ও অন্য ব্যক্তির ব্যাংক তথ্য গ্রহণযোগ্য নয় এবং ব্যাংক তথ্য পরিবর্তন করা যাবে না। এই কারণে টাকা পেতে বিলম্ব হলে বা না পেলে বিসিপিএস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্যাংকের ব্যক্তিগত হিসাবের বিপরীতে রাউটিং নম্বরযুক্ত চেক বই বা ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি জমা দিতে হবে।
১১. আবেদন সাবমিট করার পরে আবেদন পত্রের প্রিন্ট কপি অফিস চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে। পিডিএফ কপি না আসলে বা অসম্পূর্ন আসলে পিডিএফ কপির জন্য আরটিএম বিভাগে যোগাযোগ করতে হবে।
১২. সকল প্রশিক্ষণার্থীকে অবশ্যই আবেদন ফরম দাখিলের সময় এই সময়ে প্রশিক্ষণরত আছেন এ মর্মে যোগদানপত্রসহ অফিস আদেশ বা প্রজ্ঞাপন জমা দিতে হবে।
১৩. আবেদন ফরম জমাদানের পর আবেদন ফরমে উল্লেখিত কোন তথ্য পরিবর্তন করতে হলে অবশ্যই আরটিএম বিভাগের অনারারি পরিচালক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে অবহিত করতে হবে।
১৪. যাঁরা প্রতিষ্ঠান পরিবর্তন বা অনারারি প্রশিক্ষণ বিরতি বা বিরতির পরে পূনরায় প্রশিক্ষণে যোগদান করতে চান, তাঁদেরকে অবশ্যই অনারারি পরিচালক (আরটিএম), বিসিপিএস বরাবর আবেদনের মাধ্যমে অবহিত করতে হবে। এই আবেদনপত্র অবশ্যই বিরতি গ্রহণ বা যোগদানের এক মাসের মধ্যে কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে।
১৫. সকল অবৈতনিক বা বেসরকারি প্রশিক্ষণার্থীদেরকে ছয় মাস পরপর (নির্ধারিত সময়ের মধ্যে) বিল ফরম অবশ্যই আরটিএম বিভাগে জমা দিতে হবে। বিল ফরম জমাদানের পূর্বশর্ত হিসেবে প্রশিক্ষণার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়ে পারিতোষিকের জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য, যে সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও কোন প্রকার চাকরি বা ডিউটি বা প্র্যাকটিস করেন অথবা অন্য কোন উৎস হতে বেতন-ভাতা গ্রহণ করেন তাঁদের জন্য পারিতোষিকের আবেদন গ্রহণযোগ্য নয়।
১৬. আবেদনপত্র সংক্রান্ত যে কোন সমস্যার ক্ষেত্রে কলেজের আরটিএম বিভাগের ইমেল [email protected] এ যোগাযোগ করতে হবে।
এমআই/এনএআর/