৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ এএম

বিএসএমএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা

বিএসএমএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা
বিএসএমএমইউর স্বাস্থ্য পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হয়ে গেলে স্বাস্থ্য পেশাজীবীদের (শিক্ষক-চিকিৎসক) ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলের এক্সটেনশন রুমে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএসএমএমইউর নবজাতক বিভাগ, বাংলাদেশ নিওন্যাটাল ফোরাম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি ও আইসিডিডিআর’বি এর সহযোগিতায় এই আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার। বিশেষ অতিথি ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিএসএমএমইউ, বারডেম, ঢাকা মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষক, চিকিৎসক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলদার বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে এবং গবেষণার মানোন্নয়নে আজকের এই সক্ষমতা উন্নয়ন বিষয়ক কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে। এর মূল উদ্দেশ্য স্বাস্থ্য পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রবন্ধ প্রকাশনার দক্ষতা বৃদ্ধি করা। এই ধরনের উদ্যোগ দেশকে উন্নত গবেষণা ভিত্তিক স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। অংশগ্রহণকারীরা কর্মশালার অর্জিত জ্ঞান প্রয়োগ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারবেন।

কর্মশালাটি শিক্ষার্থীদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, যারা স্বাস্থ্য খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য গবেষণা দক্ষতা এক অতুলনীয় সম্পদ। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতের গবেষণা এমনকি উন্নত চাকরির ক্ষেত্রেও সহায়ক হবে। বড় কথা বিএসএমএমইউকে শিক্ষা, চিকিৎসাসেবার সাথে সাথে গবেষণায়ও এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এর ক্ষেত্রে গবেষণা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএমএমইউকে বিশ্বের বুকে মর্যদার সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে।

অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান তাঁর বক্তব্যে উন্নত মানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনার উপর গুরুত্বারোপ করেন।  

অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কর্মশালা পেশাজীবীদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে। স্বাস্থ্য পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশের সক্ষমতা বাড়লে, জাতীয়ভাবে উন্নততর স্বাস্থ্যসেবা প্রদানের পথ আরও সুগম হবে। এটি শুধু স্বাস্থ্য খাতেই নয়, সমগ্র জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য দেশের স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালায় বিশেষজ্ঞরা ডেটা বিশ্লেষণের আধুনিক কৌশল এবং আন্তর্জাতিক মানের প্রবন্ধ লিখন ও প্রকাশনার প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত