ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন মেনে নিলেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, কাজে ফেরার ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন মেনে কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ডক্টরস মুমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) সভাপতি ডা. জাবির হোসেন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ডিএমজে সভাপতি বলেন, ‘দীর্ঘ দুই বছর ধরে রাজপথে সংগ্রাম করছি। দাবি নিয়ে সকল কর্তৃপক্ষের কাছে গিয়েছি। তারা সকলে বলেছেন, যৌক্তিক দাবি। অথচ রাস্তায় না নামা পর্যন্ত এ দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।’
‘এরই ধারাবাহিকতায় গত চার মাসের প্রচেষ্টায় কারও সাড়া না পেয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হই। গতকাল শাহবাগে অস্থান কর্মসূচি পালন করি। এর ফলশ্রুতিতে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে ডাকা হয় এবং একটি প্রজ্ঞাপন আসে। এতে বলা হয়, জানুয়ারি থেকে ভাতা ৩০ হাজার টাকা ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। একই সঙ্গে ওয়াদা দেওয়া হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনে ভাতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ আছে’—বলেন ডা. জাবির হোসেন।
তিনি বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত আমরা মানছি এবং আগামীকাল সকাল আটটা থেকে আমরা কাজে ফিরবো। তবে জুলাই থেকে ৩৫ হাজার টাকা বাস্তবায়ন এবং দ্রব্যমূলের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি ইনক্রিমেন্টের বিষয়ে পদক্ষেপ না হলে আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।’
এ সময় তাদের নিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলেন ডা. জাবির। বলেন, ‘বিগত সময়ের মতো আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এমইউ/