স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
মেডিভয়েজ রিপোর্ট: বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সৌজন্য সাক্ষাতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা অনেক ছাত্র-জনতাকে হারিয়েছি। অনেক ছাত্র-জনতা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। তাদের যথাযথ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের ব্যাপারে কানাডার হাইকমিশনারকে অবহিত করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই। আন্দোলনে আহতদের জন্য এক সেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চায়না সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবোটিকস ফিজিওথেরাপির চিকিৎসা দেয়া সম্ভব হবে।
কানাডার হাইকমিশনার এ সময় বলেন, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি এবং ব্র্যাকের সঙ্গে কাজ করে যাচ্ছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব কানাডাতেও পড়ে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কানাডা বাংলাদেশের ডাক্তার, নার্স ও ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। একই সঙ্গে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে।
সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা মি. এডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
টিআই
-
১২ অক্টোবর, ২০২৫
-
১১ অক্টোবর, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫
-
০৭ অগাস্ট, ২০২৫
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
‘ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছি, আগামী দিনে সুফল মিলবে’
-
৩১ জুলাই, ২০২৫