স্বাস্থ্য ক্যাডার বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে স্বাস্থ্য ক্যাডার বাতিলের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যের নীতিনির্ধারণী পর্যায়ে অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন ও সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে, ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশ করতে যাচ্ছে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৫ হাজার সদস্যের মুখপাত্র বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এ ধরনের একতরফা সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করছে।’
এতে আরও বলা হয়, ‘স্বাস্থ্যের নীতিনির্ধারণী পর্যায়সমূহে পুরোপুরি অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রনালয় স্বাস্থ্যকে বিজ্ঞানভিত্তিক ও যুগপোযোগী না করে বরং উল্টো পথে হেঁটে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কায়েম করেছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্বশীল ও নীতিনির্ধারনী পদসমূহে মাঠ পর্যায়ের অভিজ্ঞতাসম্পন্ন স্বাস্থ্য ক্যাডারের দক্ষ কর্মকর্তাদের পদায়ন করে প্রকৃত বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।’
সংস্কারের মাধ্যমে সকল বৈষম্য নিরসন, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন তৈরির লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন প্রকৃত সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার হঠকারি সুপারিশ করেছেন উল্লেখ করে বলা হয়, ‘তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাবৃত্তিক জনপ্রশাসন তৈরি ও বৈষম্য বিরোধী মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংস্কার কমিশন কর্তৃক বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সাথে কোনরূপ আলোচনা ব্যতীত এমন প্রস্তাবনা তৈরি এবং গণমাধ্যমে একতরফাভাবে প্রচার করা সুবিবেচনা প্রসূত নয়। এতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতার সুস্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এরূপ সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনগণের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রাপ্তির কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। উদ্ভূত যেকোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির কোনোরূপ দায়ভার বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বহন করবে না। আমরা সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানাই, তবে দূরভিসন্ধিমূলক সুপারিশকে সংস্কার প্রস্তাব হিসেবে মানা হবে না।’
হেলথ ক্যাডারের সাথে আলোচনা ব্যতিত কোনোরূপ সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন সংস্কার কমিশন জানিয়েছে, তারা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাদ দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে। এর পরিবর্তে জুডিশিয়ারি সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্যের পৃথক কমিশন তৈরি করা হতে পারে। স্বাস্থ্যসেবা ও শিক্ষকের মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে এ দুই খাতে বেতন বাড়ানোর সুপারিশ করা হবে।
এ দিন সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও সদস্যসচিব (মন্ত্রণালয়ের সিনিয়র সচিব) মো. মেখলেস উর রহমান এসব তথ্য জানিয়েছিলেন।
এনএআর/
-
১৭ জুলাই, ২০২৫
আগের কমিটি স্বাচিপ ঘনিষ্ঠ বলে অভিযোগ
ড্যাব সমর্থিত চিকিৎসকদের নেতৃত্বে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
-
১৩ অগাস্ট, ২০২৪