১৮ ডিসেম্বর, ২০২৪ ০৯:০২ পিএম

কারা অধিদপ্তরে ১৪১ চিকিৎসক পদের ১৪০টিই শূন্য

কারা অধিদপ্তরে ১৪১ চিকিৎসক পদের ১৪০টিই শূন্য
কারা সদর দপ্তর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কারা অধিদপ্তরে ১৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন চিকিৎসক। বাকি ১৪০টি পদই শূন্য। এ অবস্থায় প্রেষণে চিকিৎসক চেয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কারা অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। এতে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সই করেছেন। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল মেডিভয়েসকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপত্তাজনিত কারণে কারাগারে আটক বন্দিদের যতদূর সম্ভব কারা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, দেশের কারাগারসমূহে ১০৪ জন চিকিৎসক সংযুক্তিতে কর্মরত রয়েছেন। সংযুক্তকৃত চিকিৎসকগণ কারা এলাকায় সার্বক্ষণিক অবস্থান না করায় এবং নিয়মিত কারাগারে না আসায় আটক বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

এ ছাড়া স্থানীয় সিভিল সার্জন কর্তৃক মনোনীত চিকিৎসকগণও কারা এলাকায় সার্বক্ষণিক অবস্থান না করায় এবং নিয়মিত কারাগারে না আসায় আটক বন্দি এবং কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয় না বলে উল্লেখ রয়েছে চিঠিতে।

এতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে কল করলেও হাসপাতাল বা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তারা যথাসময়ে কারাগারে আগমন করতে পারেন না। এ প্রেক্ষাপটে বন্দিদের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে মারাত্মক সমস্যার সম্মুখিন হতে হয়।

কারা মহাপরিদর্শকের ভাষ্য, সংযুক্ত চিকিৎসকদের বদলি, পদায়ন, ছুটি এবং চাকরি শৃঙ্খলাজনিত কার্যক্রম সংশ্লিষ্ট সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন থাকায় এবং কারা অধিদপ্তরের এখতিয়ারাধীন না হওয়ায় তাদের দায়িত্ব ও কর্তব্য তদারকি এবং শৃঙ্খলাজনিত কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও লিখেছেন, বর্তমানে কারাগারগুলোতে বিভিন্ন ক্যাটাগরির ১৪১টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে প্রেষণে মাত্র একজন কর্মরত রয়েছেন। শূন্য রয়েছে বাকি ১৪০টি পদ।

উচ্চ আদালত কর্তৃক কারাগারে চিকিৎসকের শূন্য পদ পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে উল্লেখ করে বলা হয়, এমতাবস্থায় বন্দিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার স্বার্থে শূন্য পদে প্রেষণে কারা অধিদপ্তরে চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল মেডিভয়েসকে বলেন, কারাগারগুলোতে চিকিৎসকদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ১৪১টি পদ রয়েছে। এগুলোতে প্রেষণে চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু বর্তমানে ১৪০টি পদই শূন্য রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসকদের সংযুক্ত হিসেবেও দেওয়া হয়। কিন্তু সংযুক্তিতে থাকলে স্থানীয় সিভিল সার্জন পদায়ন করেন। তারা কিছুদিন থেকে আবার চলে যান। আর প্রেষণে পাঠালে কারা অধিদপ্তর বেতন-ভাতাসহ দায়িত্ব ও কর্তব্য তদারকি করতে পারে।

কারা অধিদপ্তর কর্তৃক সরাসরি চিকিৎসক নিয়োগের বিষয়েও আলাপ-আলোচনা চলছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। বলেন, এখন পর্যন্ত সরাসরি চিকিৎসক নিয়োগের বিধি নেই। বিধি পরিবর্তন করতে হবে। এ নিয়ে কথা চলছে।

এনএআর/

  ঘটনা প্রবাহ : কারা চিকিৎসক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক