০১ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ পিএম

মেডিকেলে ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিলের দাবি ‘ভুক্তভোগী’ শিক্ষার্থীদের

মেডিকেলে ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিলের দাবি ‘ভুক্তভোগী’ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন অধ্যয়নরত  ‘ভুক্তভোগী’ শিক্ষার্থীরা। শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অটোমেশন একটি দীর্ঘমেয়াদি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। চার থেকে পাঁচবার মেধা তালিকা প্রকাশের পরেও আসন ফাঁকা থাকায় বিলম্বে ক্লাস শুরু হচ্ছে। ফলে ক্লাস নিয়ে শেষ ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন পড়া এবং পুরাতন পড়া গোছানো যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের জন্য।

এছাড়া পছন্দের কলেজে ভর্তি হতে না পারা এবং পারিবারিক সাপোর্ট না পেয়ে অনেকেই মেডিকেল শিক্ষা শেষ করতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তারা বলেন, এর ফলে চিকিৎসা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, পছন্দের কোনো মেডিকেলে চান্স পেলে, সেক্ষেত্রে আমরা পরিবারের সঙ্গে থাকতে পারতাম। পারিবারিক সাপোর্টও পেতাম। যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য, তাই পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারতো। নিজের পছন্দ না থাকায় যেটার নাম আমরা কখনো শুনিনি, সেসব মেডিকেল কলেজগুলোতে আমাদের নাম চলে আসছে। সেজন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি।

বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি, অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছে। তাই মেডিকেল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিল করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ও উপস্থিত থাকতে দেখা যায়।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত