জোরপূর্বক পদত্যাগপত্র আদায়
দাবি আদায়ে কুষ্টিয়া ম্যাটসে ডা. জয়নাল আবেদীন টিটোকে জিম্মি
মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. জয়নাল আবেদীন টিটোকে জিম্মি করার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের একাংশ ও বহিরাগতদের বিরুদ্ধে। জোর করে সই করানো হয়েছে পদত্যাগপত্রেও।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিল। তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করতে অধ্যক্ষের প্রতি চাপ প্রয়োগ করে তারা। কিন্তু তিনি এতে অপারগতা প্রকাশ করলে তাকে লাঞ্ছিত করা হয়।
অভিযোগ করে অধ্যক্ষ ডা. জয়নাল আবেদীন টিটো গণমাধ্যমকে বলেন, ‘আমি ওদের (সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ) কয়েকটা দাবির সাথে একমত পোষণ করেছিলাম। বলেছিলাম, তাদের পক্ষে আমি কথা বলব, যথাস্থানে আমার বক্তব্য তুলে ধরব। কিন্তু তারা আমার উপর চাপ প্রয়োগ করে মিডিয়ার সামনে কথা বলার জন্য। কিন্তু সরকারি চাকরিজীবী হিসেবে আমার একটা সীমাবদ্ধতা আছে। আমি তো সব কিছু করতে পারব না।’
ডা. টিটো আরও বলেন, ‘আমি তাদের পক্ষে এতকিছু করতে পারব না জানালে তারা এখানে স্লোগান দেয় আমার পদত্যাগ করার জন্য। সে জন্য আমি পদত্যাগ করেছি।’
তবে আটকিয়ে রাখা ও জিম্মি করার বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক চৌধুরী।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে অভিযুক্ত শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, ‘২০২৩ সাল থেকে চার দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম। এক বছর পরেও আমাদের দাবি-দাওয়া গৃহীত না হওয়ায় আমরা অধ্যক্ষের কার্যালয়ে আমরা যাই।’
তারা বলেন, ‘আমাদের প্রথম দাবি ছিল ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধনী ও উচ্চ শিক্ষা প্রদান। দীর্ঘ ১৪ বছর ধরে আমাদের নিয়োগ নাই। আমরা চাচ্ছিলাম ১০ম গ্রেডে পিএসসির অধীনে নিয়োগ প্রদান করতে হবে এবং ২০০৯ সালের মাইনোরস অনুযায়ী অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে আমাদের স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে।’
‘আমরা চেয়েছিলাম অধ্যক্ষ মহোদয় আমাদের দাবি-দাওয়ার সাথে একাত্মতা পোষণ করুক। কিন্তু উনি আমাদের সাথে একাত্মতা পোষণ না করে পদত্যাগ করেছেন। আমরা কোনো জোর-জবরদস্তি করিনি’- যোগ করেন তারা।
এনএআর/
-
২০ অগাস্ট, ২০২৪
জোরপূর্বক পদত্যাগপত্র আদায়
দাবি আদায়ে কুষ্টিয়া ম্যাটসে ডা. জয়নাল আবেদীন টিটোকে জিম্মি
-
৩০ সেপ্টেম্বর, ২০২১