অধ্যক্ষের পদত্যাগ দাবিতে চমেকে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ দাবি করেন তারা।
তাদের দাবি সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান অবস্থায় কিছু সংকট আমাদের সামনে আবির্ভূত হয়েছে, এর মধ্যে অন্যতম হলো অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সাহেনা আক্তারের পদত্যাগ বিষয়ক শিক্ষার্থীদের দাবি। এ বিষয়ে বিভিন্ন মত পাওয়া গিয়েছে। এ কারণে আমরা ব্যাচভিত্তিক ভোটের আয়োজন করি, এতে অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগের পক্ষে মত প্রদান করে।’
এই দাবির পিছনে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব যৌক্তিক কারণ দেখানো হয়েছে সেগুলো হলো—
১. বর্তমান অধ্যক্ষ কাগজে-কলমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেও হোস্টেল কেন্দ্রিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। হোস্টেলের তত্ত্বাবধায়ক পদে দলীয় কট্টরপন্থী শিক্ষকদের নিয়োগ দিয়েছেন, যারা ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এমনও প্রমাণ আছে, তত্ত্বাবধায়ক নিজে তার কাছে অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন।
২. গত ১৬.০৭.২০২৪ তারিখে যারা ক্যাম্পাসে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের অভিভাবক-কল ও শোকজ করেন। এ ছাড়াও নাসিরাবাদ হলে ১ম বর্ষের শিক্ষার্থীদের তালিকা করে তাদের ডেকে নিয়ে হয়রানি করার কথা বলেন। ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের বিসিএস কীভাবে পাস হয় দেখে নেওয়ার হুমকি দেন, এ সকল আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম পুলিশের নিকট জমা দেওয়ার হুমকি দেন এবং উপস্থিত শিক্ষার্থীদের ছবি তুলে নিয়ে যান।
৩. আন্দোলনরত শিক্ষার্থীদের ভার পুলিশ প্রশাসনের উপর ন্যস্ত করেন, আবাসিক শিক্ষার্থীদের কথা চিন্তা না করে হোস্টেল বন্ধ করে দেন।
৪. মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও সব মেডিকেল কলেজে শান্তি সমাবেশ হয়নি। কিন্তু উনি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্র মেডিকেলে শান্তি সমাবেশ সংঘটিত করেন এবং সকল বিভাগের শিক্ষকদের উপস্থিত হতে বাধ্য করেন।
৫. শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে অধ্যক্ষ তো পাশে ছিলেনই না, বরং শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী, রাজাকার আখ্যা দিয়েছেন এবং প্রশাসনিক ও একাডেমিক হেনস্তার হুমকি প্রদান করেন।
৬. যতক্ষণ না পর্যন্ত অধ্যক্ষ পদত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে সকলপ্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
‘উপর্যুক্ত বিষয়গুলোকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল সাধারণ শিক্ষার্থী বর্তমান অধ্যক্ষের পদত্যাগকে একটি যৌক্তিক দাবি হিসেবে উপস্থাপন করছি। তাই, বর্তমান পরিস্থিতিতে সকল সাধারণ শিক্ষার্থীর এক দফা এক দাবি হলো বর্তমান অধ্যক্ষের পদত্যাগ’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
এমইউ/