১৩ অগাস্ট, ২০২৪ ০৬:৩৮ পিএম

হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের

হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ এর প্রথম দিনে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই দাবি জানানো হয়।

এদিন প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে জড়ো হয়।

শহীদ মিনারে সমাবেশে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাদের বক্তব্যে দু’টি করে মোট চার দফা তুলে ধরেন।

সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

সারজিস বলেন, ‘সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।’

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।’

হাসনাত বলেন, ‘প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।’

বিচারব্যবস্থা নিয়ে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার দেশের বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। সরকার নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের সুবিধার্থে দলীয় লোক বসিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নিরীহ জনগণ ও সাধারণ ছাত্র জনতার ওপর ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করেনি, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তার ভুক্তভোগী হয়ে হাজার হাজার নিরপরাধ মানুষ।’

বাকের মজুমদার বলেন, ‘আমরা বিচার বিভাগের উদ্দেশে বলতে চাই- ‘এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের যতদিন না বিচার করা হবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। অবিলম্বে খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে হাজার হাজার নিরীহ মানুষ ও ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচারে সাজা দিতে হবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক