১১ আগস্টের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি
মেডিভয়েস রিপোর্ট: দেশজুড়ে সহিংসতায় বিভিন্ন জায়গায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ অবস্থায় আগামী ১১ আগস্টের পূর্ব নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, এই পরীক্ষা স্থগিত নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন থানায় আমার যে প্রশ্ন পাঠিয়েছিলাম, সেসব পুড়ে গেছে। এখন প্রশ্নগুলো আবার নতুন করে ছাপাতে হবে। এ পরিস্থিতিতে পরীক্ষা পেছানো হবে কিনা, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডগুলো তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে। এরপর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে ফের পরীক্ষাগ্রহণের বিষয় জানানো হয়।
দেশের চলমান সহিংসতার জন্য গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে গেলে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল, সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রসঙ্গত, চলতি বছর গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
এনএআর/
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
২৭ অগাস্ট, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ অক্টোবর, ২০২২