১ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: এখন থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা পরীক্ষা স্থগিত করা হলো।
তপন কুমার সরকার জানান, আগামী ২৮,২৯,৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। তবে স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। সে সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
পরে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয়, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে তিন দফায় পরীক্ষা পেছানোর কারণে পরীক্ষা শেষ হতে আরও সময় লাগবে।
এনএএন/