ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) ঢাবি উপাচার্য এএসএম মাকসুদ কামালের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভার সিদ্ধান্তে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী সময়ে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিদ্যমান কোটাব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সিন্ডিকেট।
কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী, সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইন-শৃঙ্খলা বাহিনী মুখোমুখি অবস্থানে নেয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানী ছাড়াও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহরগুলোতেও।
আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সারাদেশে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
চলমান আন্দোলনে ব্যাপক সহিংসতার কারণে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়াও আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমইউ/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪