ঢাকা শিশু হাসপাতালে রোগীর স্বজনকে মারধর, ২ আনসার আটক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসে আনসার সদস্যদের হাতে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী লিমা আক্তার শেরে বাংলা নগর থানায় মামলা করবেন।
শনিবার (১৬ মার্চ) ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি আহাদ আলী। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, ভুক্তভোগী পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ৩ আনসারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুজনের সংশ্লিষ্টতা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য আবুল কাশেম ও নূর হোসেন নামে দুই আনসারকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবার মামলা করবেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’
অসুস্থ শিশুর খালা শিমা আক্তার বলেন, ‘শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে শনিবার সকালেই আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি। বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার আসে। তারা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন। এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এরকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই আমার ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।’
শিমা আরও বলেন, ‘আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির মধ্যে। পরিস্থিতি বুঝে শেরে বাংলা নগর থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ টিম আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকালে মামলা করার জন্য। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে আনসার সদর দপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, ওই দুই আনসার সদস্য সাধারণ আনসার। তদন্তের মাধ্যমে ওই দুই আনসার সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমানিত হলে তাদের চাকরি থেকে অব্যহতি দেওয়া হবে। বিষয়টি তদন্ত করছে আনসার সদর দপ্তর।’
-
২৬ অগাস্ট, ২০২৫
মহাখালী কমপ্লেক্স কমিটি বাতিল
শিশু হাসপাতাল ড্যাবের সম্পাদক ডা. কামালকে অব্যাহিত, নতুন দায়িত্বে ডা. ফারুক
-
১৭ মার্চ, ২০২৪
-
২১ জানুয়ারী, ২০২২
-
২৮ জুন, ২০২১