১১ মার্চ, ২০২৪ ০৮:১৭ পিএম

অস্ত্রোপচারে দুর্ঘটনা দায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের: মন্ত্রী

অস্ত্রোপচারে দুর্ঘটনা দায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের: মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অস্ত্রোপচারের জন্য যা যা প্রয়োজন তা না থাকলে স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হবে না।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি নির্দেশনা মানা ছাড়া কোনো হাসপাতালকেই কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে দেশে অনুমোদনহীন হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অস্ত্রোপচারের জন্য যা যা প্রয়োজন তা না থাকলে স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হবে না। সেক্ষেত্রে কোনো অস্ত্রোপচার করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে নিতে হবে।

তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজে এসে আমার অনেক ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে এই মেডিকেল কলেজটি অন্যান্য মেডিকেল কলেজের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আমি যেটা বলছি, প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যদি চিকিৎসাসেবা পৌঁছে দিতে না পারি তাহলে মেডিকেল কলেজের চাপ কোনোদিনই কমবে না।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজ শুধু চিকিৎসাসেবা দেয় না; এখানে শিক্ষা, চিকিৎসা, গবেষণা সবই হয়। সুতরাং আমরা জেলার হাসপাতালগুলোর উন্নয়ন করবো। রাজশাহীতে একটি জেলা হাসপাতাল রয়েছে। এটি অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। এই হাসপাতালটি সচল করা হবে। তাহলেই এই মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ কমবে। আশা করি আমরা এগুলো সমাধান করতে পারব। কিছু জনবলের ঘাটতি আছে। সেগুলোও দেখা হবে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রাজশাহীতে একটি মেডিকেল কলেজ হবে। এটা হলে মানুষের অনেক উপকার হবে। আজকে একটা আইসিইউ’র উদ্বোধন করা হলো। সেটাও মানুষের জন্য অনেক উপকারে আসবে।’

হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শন চলবে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক