শিক্ষার্থীকে গুলি: মেডিকেল শিক্ষক ডা. রায়হান শরীফ বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীকে গুলি করার অভিযোগে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রভাষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ (বুধবার) ৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ডাঃ মোঃ রায়হান শরীফ (২১৩৮৯২), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ-কে ফৌজদারি অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরাখাস্ত কালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গত ৪ মার্চ বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন ডা. রায়হান শরীফ। এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এর মধ্যে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ডা. রায়হান শরীফের কাছ থেকে জব্দ হওয়া পিস্তলটি অবৈধ বলে জানায় পুলিশ।
এ ঘটনায় একই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলিতে আহত শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
ঘটনা তদন্তে একই দিন তিন সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে বিস্তারিত তদন্তপূর্বক ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এএনএম/
-
০৬ মার্চ, ২০২৪
-
০৫ মার্চ, ২০২৪
শহীদ এম মনসুর আলী মেডিকেল
গুলিতে আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলছে তদন্ত কমিটি
-
০৫ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪