০১ মার্চ, ২০২৪ ০২:২৭ পিএম

চট্টগ্রামে হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

চট্টগ্রামে হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের একাংশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা’—স্লোগানে হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে স্বাস্থ্য খাতের উন্নয়নের গবেষণা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দেশ-বিদেশের প্রতিথযশা চিকিৎসা বিজ্ঞানী, গবেষক ও অতিথিরা।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ১১শ গবেষক অংশ নেন। সম্মেলনে ১১৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে অংশ নিয়েছেন ভারত, নেপাল, থ্যাইল্যান্ড ও মালয়েশিয়াসহ প্রতিথযশা একঝাঁক চিকিৎসা বিজ্ঞানী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. ইসমাইল খান বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই। যে কাজটি সঠিকভাবে পালন করে যাচ্ছে সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান গবেষণা ও গুণগত শিক্ষার মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যে কারণে তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছে বিশেষ সম্মাননা। 

তিনি আরও বলেন, দেশ-বিদেশের বিপুল সংখ্যক গবেষকের মিলনমেলা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এখানকার অনেক গবেষণা এরই মধ্যে দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।’

সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রামের চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। এবারের রেকর্ড ১১৪টি গবেষণাপত্র তাদের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে। এসব গবেষণাপত্র আগামীতে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’

অধ্যাপক এম এ ফয়েজ বলেন, ‘একাডেমিক কাউন্সিলের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিতে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম পথিকৃৎ হিসেবে এটি ভূমিকা রাখবে।’

সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিতি ছিলেন। তারা ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, ইসি কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জালাল উদ্দিন আকবর, মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. আমির হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা. রুবি দত্ত, ডা. বিদ্যুৎ বড়ুয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আইরিন সুলতানা প্রমুখ। 

দিনভর জমকালো আয়োজনের মাধ্যমে সিআইএমসি ক্যাম্পাসের ৪টি ভেনুতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত