২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:০৪ পিএম
সিরিয়াল ভেঙে রোগী দেখতে অস্বীকৃতি

জয়পুরহাটে চিকিৎসকের ওপর হামলা, আটক ২

জয়পুরহাটে চিকিৎসকের ওপর হামলা, আটক ২
সিরিয়াল ব্রেক করে রোগী না দেখায় চিকিৎসকের ওপর হামলা করেন অভিযুক্তরা।

মেডিভয়েস রিপোর্ট: জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিরিয়াল ব্রেক করে রোগী না দেখায় এক চিকিৎসকের ওপর হামলা ও তাঁর রুম ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাকা কাইফ। এ ঘটনায় মো. জসিম (৫৫) ও তাঁর ছেলে জুয়েল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাকা কাইফ ১১টা থেকে আউটডোরে রোগী দেখা শুরু করেন, ১২.৪০ মিনিটের দিকে এক ছেলে ও তাঁর বাবা সিরিয়াল ব্রেক করে চিকিৎসকের কক্ষে ঢুকেন। ডা. জাকা কাইফ তাদেরকে সিরিয়াল মেনে আসার জন্য অনুরোধ করেন। এতেই তাঁরা উত্তেজিত হয়ে টেবিল-চেয়ার ও গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে চিকিৎসকের গায়েও হাত দেয় তাঁরা।’

তিনি আরও বলেন, ‘আমার তাৎক্ষণিক জয়পুরহাট সদর থানায় বিষয়টি জানাই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো. জসিম (৫৫) ও তাঁর ছেলেকে আটক করে নিয়ে যায়। আমরা হাসপাতালের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

ভু্ক্তভোগী চিকিৎসক জাকা কাইফ বলেন, ‘আমি বর্হিঃবিভাগে রোগী দেখছিলাম। হঠাৎ করে দুজন লোক সিরিয়াল অমান্য করে জোরপূর্বক রুমে প্রবেশ করে। এ সময় তাদেরকে সিরিয়াল মেনে আসতে বললে তারা অতর্কিত আমার ওপর হামলা করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। পরে জানতে পারি তারা দুজনে বাবা-ছেলে।’

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মেডিভয়েসকে বলেন, ‘জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে মারধর করা হয়েছে এমন খবর শুনে আমরা সাথে সাথেই সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক