১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৩ পিএম

আয়ানের বাবা ও অভিযুক্ত ২ চিকিৎসকের বক্তব্য শুনলো বিএমডিসি

আয়ানের বাবা ও অভিযুক্ত ২ চিকিৎসকের বক্তব্য শুনলো বিএমডিসি
বিএমডিসির শৃঙ্খলা কমিটি সরাসরি তাদের বক্তব্য শুনে। শুনানিতে বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ও আয়ানের বাবা শামীম আহমেদের বক্তব্য শুনেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। অভিযুক্ত দুই চিকিৎসক হলেন ডা. তাসনুবা মেহজাবিন ও ডা. সাঈদ সাব্বির।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএমডিসির শৃঙ্খলা কমিটি সরাসরি তাদের বক্তব্য শুনে।

শুনানির পর আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার এক মাসের বেশি সময় পার হয়ে গেছে। এখনো কোনো অগ্রগতি নেই। ন্যায়বিচার পাওয়া নিয়েই সন্দেহ। পাশাপাশি কাউকে গ্রেফতার তো দূরের কথা অভিযুক্ত সবাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালের পরিচালকসহ কাউকেই গ্রেফতার করেনি।’

তিনি বলেন, ‘অভিযুক্ত দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য বিএমডিসিতে আবেদন করেছিলাম। বিএমডিসি ঘটনার বিবরণ শুনতে ডেকেছে। আমরা বিবরণ দিয়েছি। আমাদের দাবি এই দুই চিকিৎসকের সনদ বাতিলসহ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।’

মামলার পর হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এমন একটা পর্যায় দাঁড়িয়েছি যে ঠিক মতো বাসায় থাকতে পারছি না। তারা বাসায় গিয়ে হুমকি দিচ্ছে। এখন আমরা ঘরছাড়া।’

এ প্রসঙ্গে বিএমডিসি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘আয়ানের বাবা এবং ওই চিকিৎসকদের বক্তব্য শুনেছি। এখন আমাদের আরও কিছু কাগজপত্র প্রয়োজন হাসপাতালের। আর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানা প্রয়োজন। মতামত, সংশ্লিষ্ট হাসপাতালের কাগজপত্র ও অভিযোগকারী এবং দুই চিকিৎসকের বক্তব্যসহ সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত দেবো। তবে কতদিন সময় লাগতে পারে তার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই।’

অভিযুক্ত দুই চিকিৎসকের সনদ স্থগিত করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাজের পরিধি, ক্যাপাসিটি অনুযায়ী ব্যবস্থা করবো। আর দুই চিকিৎসক অভিযুক্ত কে বলেছে? আমাদের (বিএমডিসি) কাছে তো তারা এখনো অভিযুক্ত নয়। আমাদের প্রক্রিয়া এখনো চলমান। অন্য কোনো জায়গায় অভিযুক্ত হলে হতে পারে, আমাদের জানা নেই।’

শুনানিতে বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। এর আগে তাকে বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করানোর জন্য নেওয়া হয়েছিল। সেখানে অজ্ঞান করার পর তার আর জ্ঞান ফেরেনি। এরপর সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালের আইউসিইউতে আনা হয়। টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক