শিশুদের ট্রান্সপ্ল্যান্টেশন ও নতুন জীবনের প্রত্যাশা শীর্ষক সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ও নতুন জীবনের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ সেমনিার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, ‘বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলো পিত্তনালীর জন্মগত রোগ। যা লিভারের ভেতর এবং বাইরে বিস্তৃত থাকতে পারে। এর ফলে জন্মগতভাবে পিত্তনালী তৈরি হয় না। এই রোগে লিভারে উৎপাদিত পিত্তরস পিত্তনালীতে আসতে পারে না। উৎপাদিত পিত্তরস লিভারে জমা হয়ে নানা জটিলতা তৈরি করে। পরবর্তীতে সঠিক চিকিৎসা না হলে লিভার নষ্ট হয়ে মৃত্যু ঘটে থাকে।’
অনুষ্ঠানে আরও জানানো হয়, ‘বিএসএমএমইউতে দীর্ঘদিন ধরে তুলনামূলক কম খরচে পিত্তনালীর জন্মগত রোগ বিলিয়ারি অ্যাট্রেসিয়ার বিশেষায়িত কাসাই অপারেশন করা হয়ে থাকে। ভবিষ্যতে এই সব শিশুসহ অন্যান্য বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত শিশুদের লিভার প্রতিস্থাপন প্রয়োজন হবে। লিভার প্রতিস্থাপনে ইউরোপের দেশগুলোতে খরচ হয় প্রায় ২ কোটি টাকা এবং ভারতে ৬০ থেকে ৭০ লাখ টাকা। একই চিকিৎসার জন্য বাংলাদেশে খরচ পড়ে মাত্র ২০ থেকে ৩০ লাখ টাকা।’
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন।