২৭ জানুয়ারী, ২০২৪ ০২:২৯ পিএম

তৃণমূল থেকেই চিকিৎসার মান উন্নত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল থেকেই চিকিৎসার মান উন্নত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রামের মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা কষ্টকর হয়ে যায়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান আরো উন্নত করতে পারলে মানুষকে কষ্ট করে শহরে এসে চিকিৎসা সেবা নিতে হবে না। এর ফলে চট্টগ্রাম মেডিকেলের উপর চাপ কমবে। তাই আমার নির্দেশ হলো তৃণমূল পর্যায় থেকেই চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় আয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় অভিযোগ আসে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। আপনারা দেখেছেন রোগী মারা গেলে হাসপাতালে ভাংচুর, চিকিৎসদের গায়ে হাত তোলা হয়, এগুলো বন্ধ করতে হবে। চিকিৎসদের নিরাপত্তা দিতে না পারলে, বা তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে প্রয়োজনীয় সময়ে চিকিৎসদের পাওয়া যাবে না। আবার চিকিৎসকরাও যদি কর্তব্য পালনে কোন অবহেলা করে সেটি কোনভাবে মেনে নেয়া যাবে না।

তিনি আরো বলেন, আজকের মিটিংয়ে বিভিন্ন সমস্যা যেমন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে সেগুলো উঠে এসেছে। তাছাড়া পাহাড়ি অঞ্চলের একটি রোগীকে চট্টগ্রাম মেডিকেলে এনে চিকিৎসা দেয়া অনেক সময়ের ও কষ্টের বিষয়। এগুলো আমি শুনেছি, এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের মিটিংএ আমি এসব বিষয় নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করব।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমার প্রথম সফর চট্টগ্রাম থেকে শুরু করেছি। কারণ এ চট্টগ্রাম আমাকে ডাক্তার বানিয়েছে তাই আজকে আমি এ জায়গায় আসতে পেরেছি। আমরা একসাথে কাজ করলে স্বাস্থ্যখাতে সফলতা অর্জন করা সম্ভব হবে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আমাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, তারপরেও আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, যাতে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক