নিপাহ ভাইরাস নয়, ঈশ্বরদীতে কৃষকের মৃত্যু মস্কিষ্কের ইনফেকশনে
মেডিভয়েস রিপোর্ট: নিপাহ ভাইরাসে নয়, পাবনার ঈশ্বরদীতে খোকন মালিথা (৪২) নামে কৃষকের মৃত্যু হয়েছে মস্তিষ্কের ইনফেকশনে। ওই ব্যক্তি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম মালিথার ছোট ভাই।
গত ১৭ জানুয়ারি রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান।
এর আগে তাকে উদ্ধৃত করে ওই কৃষকের নিপাহ ভাইরাসে মারা যাওয়ার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এ সম্পর্কে দুপুরে মেডিভয়েসকে তিনি বলেন, এ পর্যন্ত ১০-১২ জন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। সবাইকে একই তথ্য দিয়েছি। খোকন মালিথা নিপাহ ভাইরাসে মারা যাওয়ার বিষয়ে কাউকে তথ্য দিইনি। হয় তো সঠিকটা বুঝতে পারেননি।
ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ায় গত এক মাসে আগে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রুস্তম মালিথার ছেলে খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। নিউরো সায়েন্সেসে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জানুয়ারি রাতে মারা যান তিনি।
স্বজনদের তথ্য অনুযায়ী, গত এক মাস আগে বাড়ির পাশের স্থানীয় একটি বাগান থেকে খেজুরের রস খেয়েছিলেন খোকন। তাদের ধারণা, এতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করা হয়।
পাবনার সিভিল সার্জন জানান, খোকন মারা যাওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আমরা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এতে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এএনএম/