বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন ও স্টেম সেল থেরাপি সেন্টারের উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন এ্যান্ড স্টেম সেল থেরাপির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১ জানুয়ায়ি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ২য়তলায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গত বছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার থেকে যে সকল রোগীরা সেবা নিবেন তারাও সুস্থ থাকবেন।
এ সময় বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনে দেশে বিদেশে তুলনামূলক খরচের হিসাব তুলে ধরে তিনি বলেন, বিদেশে যেখানে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে ২০ লক্ষ টাকা খরচ হয়, সেখানে বিএসএমএমইউতে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে এই সেবা প্রদান করা সম্ভব হবে। বলেন, কোটি টাকার লিভার ট্রান্সপ্লান্ট ২০ লাখ টাকায়, ৪০ লাখ টাকার কিডনি ট্রান্সপ্লান্ট ৩ লাখ টাকায় এই ট্রান্সপ্লান্ট সেবা এখানে দেওয়া হচ্ছে।
বিএসএমএমইউ ভিসি আরও বলেন, গত চারমাসে স্বল্প ব্যয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ১৭টি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সফলভাবে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে, জোড়া শিশু আলাদা করা হয়েছে। এই বছরের মধ্যেই রোবটিক সার্জারি, হেয়ার ইমপ্লান্ট চালু করা হবে।
অন্য বক্তারা সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন এ্যান্ড স্টেম সেল থেরাপি সফলভাবে চালু রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, সবাই আন্তরিকভাবে সেবা প্রদান করলে এটা সম্ভব হবে এবং রোগীরা অব্যাহতভাবে উপকৃত হবেন।
হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হল প্রোভস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হেমাটোলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, পরিচালক (হাসপাতাল) বি.জে. ডা. রেজাউর রহমান প্রমুখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, হেমাটোপয়েটিক স্টেম সেল, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন রক্তরোগের আধুনিকতম চিকিৎসাসমূহের মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে লিউকেমিয়া, লিম্ফোমা ও মায়েলোমাসহ রক্তের ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। জন সচেতনতা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের সুবিধা সহজলভ্য হওয়াতে বাংলাদেশেও রক্তের ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। লিউকেমিয়াসহ রক্তের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রেও স্থায়ী চিকিৎসা পদ্ধতি হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন। মায়েলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা, থ্যালাসেমিয়াসহ রক্তের (ব্লাড ক্যান্সার) ক্যান্সার ও রক্তরোগের রোগীদের চিকিৎসায় সহজে এবং সুলভে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুবিধা প্রদানের মাধ্যমে এদেশের স্বাস্থ্যখাতে নবনির্মিত এ সেন্টার বড় ভূমিকা রাখবে এবং এর পাশাপাশি দেশের রক্তরোগ চিকিসকদের বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন বিষয়ের উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ট্রান্সপ্লান্ট সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই এই সেন্টারের রূপকল্প।
এএনএম/