মেটফরমিন ও ক্যান্সার
মেটফরমিন খুব পরিচিত ওষুধ। বেশির ভাগ মানুষই মেটফরমিনকে শুধু ডায়াবেটিসের ওষুধ হিসেবে জানেন। যদিও ডায়াবেটিসের চিকিৎসা ছাড়াও এর আরও বিভিন্ন ব্যবহার আছে। তবে অনেকেই এই বিষয়ে অবগত নন।
মেটফরমিনের বেশ কিছু সুবিধা রয়েছে। এটির দাম তুলনামূলকভাবে কম। এটি ওজন কমাতে সাহায্য করে, রক্তের গ্লুকজ কমিয়ে দিয়ে জটিলতা করে না। মেটফরমিনের পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম। বমি ভাব ও ক্ষুধামন্দা তৈরি করে। ডায়রিয়াও হতে পারে। কিডনিতে বেশি সমস্যা থাকলে অবশ্য মেটফরমিন ব্যবহার করা যায় না।
মেটফরমিনের আরও উপকারিতা
মেটফরমিনের বর্তমানে আরও বেশ কিছু উপকারিতা জানা গেছে। এটি ক্যান্সার প্রতিরোধ করে। দশ বছর ধরে প্রায় আট হাজার মানুষের উপর গবেষণা করে বিজ্ঞানীরা এমনটিই জানতে পেরেছেন। যাদের আগে থেকেই ফুসফুসে, অন্ত্রে বা কোলনে এবং ব্রেস্টে ক্যান্সার ছিল—মেটফরমিন দেবার পর তাদের অবস্থার উন্নতি হয়েছিল।
কীভাবে মেটফরমিন ক্যান্সার প্রতিরোধ করে এই বিষয়ের উপর বিজ্ঞানীরা কাজ করেছেন, অনেক ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন। নতুন নতুন ব্যাখ্যাও আসছে।
মেটফরমিন ওজন কমাতে সাহায্য করে। ওজন বৃদ্ধির সাথে কিছু ক্যান্সারের সম্পর্ক আছে। যেহেতু মেটফরমিন ওজন কমাতে সাহায্য করে, তাই মেটফরমিন ব্যবহারে বিভিন্ন ক্যান্সার কমে যায়। যাদের ডায়াবেটিস নেই, সে ক্ষেত্রেও দেখা গেছে মেটফরমিন ক্যান্সার প্রতিরোধ করে। পরিবারে কারো কোলন ক্যান্সার বা স্তন ক্যান্সার থাকলে অন্যদের হবারও ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গেছে, মেটফরমিন এ দুই ক্যান্সারের ঝুঁকি কমায়।
সুতরাং চিকিৎসকের পরামর্শে যাদের উপরোক্ত ক্যান্সারের ঝুঁকি বেশি তারা মেটফরমিন খেতে পারেন। তবে নিজে নিজে এই প্রবন্ধ পড়ে কেউ ওষুধ সেবন শুরু করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি যদি বলেন কেবল তখনই ওষুধটি শুরু করবেন। না হলে সমস্যা হতে পারে।
মেটফরমিন ডায়াবেটিসে আক্রান্তদের জন্য আশীর্বাদ স্বরূপ। বর্তমানে গাইড লাইনে ডায়াবেটিস ডায়াগনোসিস হলে এবং রক্তের গ্লুকজ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে মেটফরমিন দিয়েই চিকিৎসা শুরুর কথা বলা হয়েছে। কারও যদি ডায়াবেটিস থাকে বা স্তন, কোলন, প্রস্টেট বা ইউটেরাসে ক্যান্সার হবার ঝুঁকি থাকে, তার জন্য মেটফরমিন খুবই কার্যকরী হবে। ওষুধটি সত্যিই দিনের পর দিন রোগীদের কল্যাণ করে যাচ্ছে।
এএনএম/