ইউজিসি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ চিকিৎসাসেবা দিবে বিএসএমএমইউ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিএসএমএমইউতে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ইউজিসির কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধাপ্রাপ্ত হবেন।
বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান এবং ইউজিসির পক্ষে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এ সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় ইউজিসির কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট ফির বিনিময়ে রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত একটি হেলথ কার্ড/চিকিৎসা সেবা বই বিএসএমএমইউ কর্তৃপক্ষ ইস্যু করবে। এই হেলথ কার্ডের মাধ্যমে ইউজিসির কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধাপ্রাপ্ত হবেন ও তাদের জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে কেবিন/বিছানার তালিকা নির্ধারিত করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর, বিএসএমএমইউর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।