২৯ নভেম্বর, ২০২৩ ০৩:৫৬ পিএম

বিদায় বেলায় বিশুদ্ধ পানিধারা চালু করলেন সলিমুল্লাহ মেডিকেলের পরিচালক

বিদায় বেলায় বিশুদ্ধ পানিধারা চালু করলেন সলিমুল্লাহ মেডিকেলের পরিচালক
এ সময় নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বিনামূল্যে বিশুদ্ধ সুপেয় পানিধারা চালু হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী এটি উদ্বোধন করেন।

এ সময় নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পানিধারার মাধ্যমে হাসপাতালে আগত ব্যক্তিদের সুপেয় পানির চাহিদা পূরণ হবে। পানির বিশুদ্ধতার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার সনদ সংগ্রহ ও সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৪ মার্চ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক পদে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী। সম্প্রতি তিনি বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন।

দায়িত্ব নেয়ার পর থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জন্য অনেকগুলো ‍ইতিবাচক কাজ করেছেন তিনি। বিশেষ করে কোভিড মহামারীর সময়ে প্রতিকূল অবস্থায় পরিচালকের দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে সকল বিরূপ পরিস্থিতি সফলতার সহিত সামাল দিয়েছেন।

তাঁর সময়ে মিটফোর্ড হাসপাতালের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এগুলোর মধ্যে হাসপাতাল দালালমুক্ত করা, হাসপাতাল চত্বরে বহিরাগত অগণিত এম্বুলেন্স যত্রতত্র পার্কিং বন্ধ করা, হাসপাতালের রোগী দর্শনার্থীদের জন্য চত্বরে গণশৌচাগার নির্মাণ করা, পথ্য বিভাগে রোগীদের রান্না পরিবেশন কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্ট স্থাপন করা, রোগীদের পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা, হাসপাতালের অতীত ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য দুর্লভ ছবির মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকের দেয়াল স্মৃতি ফলক স্থাপনের ব্যবস্থা করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ হাসপাতালের প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের জন্য তিনি ছিলেন অনন্য পথপ্রদর্শক। রোগীদের পথ্য সামগ্রীতে সুষম পুষ্টিকর খাবার যুক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হাসপাতালে আগত রোগী ও তার এটেনডেন্টদের অপেক্ষা করার সুবিধার্থে তিনি অনেকগুলি দৃষ্টিনন্দন ছাউনি ও বিশ্রামাগার তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি মিটফোর্ড হাসপাতালের ভিতরের রাস্তা, ফিমেল ইন্টার্ন ডা. হোস্টেল সম্প্রসারণ করেছেন। হাসপাতালের জরাজীর্ণ রাস্তাগুলো সুন্দর করেছেন। হাসপাতাল চত্বরে দুর্গন্ধযুক্ত নালার ঢাকনাসহ সেনিটেশন ব্যবস্থাগুলোর ব্যাপক উন্নয়ন সাধন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত