ক্যান্সার হাসপাতাল তৈরির প্রচেষ্টা অব্যাহত: শাওন
মেডিভয়েস রিপোর্ট: প্রয়াত কথাসাহিত্যিক নন্দিত লেখক হুমায়ুন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল তৈরির প্রচেষ্টা এখনও অব্যাহত আছ বলে জানিয়েছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
আজ সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাওন বলেন, সম্প্রতি কানাডার একদল চিকিৎসক ও ব্যবসায়ী জানিয়েছেন, তারা হাসপাতাল তৈরির বিষয়ে উদ্যোগ নিতে চান, যা একদম প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে।
মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ুন আহমেদ যে ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিলেন, সেটা তার অনুপস্থিতে বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ। তিনি বেঁচে থাকলে হয়তো তার ডাকে অনেকেই সাড়া দিতেন। কিন্তু হুমায়ুন আহমেদের অনুপস্থিতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, তবে সেভাবে সাড়া পাইনি। এটি আমার একার পক্ষেও সম্ভব নয়। তবে আমার এখনও বিশ্বাস, লেখকের যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হবে।
টিআই