ফাইনাল প্রফের ফল কাল অথবা আগামী সপ্তাহের শুরুতে
মেডিভয়েস রিপোর্ট: চলতি সপ্তাহের শেষ কর্ম দিবস অথবা আগামী সপ্তাহের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
ঢাবির চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী আজ বুধবার (৪ অক্টোবর সন্ধ্যায় মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ন্ত্রক অফিসে ফলাফলের তথ্যাদি বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন পুরো বিষয়টি প্রোভিসি মহোদয়ের সই করার উপর নির্ভরশীল। আজ নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ করেছিলাম, তারা জানালেন, চেষ্টা অব্যাহত আছে। প্রোভিসি স্যার এলেই সই করিয়ে নেওয়া হবে। এক আত্মীয়ের মৃত্যুর জন্য তিনি ঢাকার বাইরে আছেন।’
ঢাবি চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন আরও বলেন, ‘কাল (বৃহস্পতিবার) না হলে আগামী রোববার প্রোভিসি স্যার কাজে যোগ দেবেন, এবং সেদিন সই করার পর ফলাফল প্রকাশিত হয়ে যাবে।’