প্রবীণদের চিকিৎসায় ইনস্টিটিউট করার আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: প্রবীণদের চিকিৎসায় ইনস্টিটিউট করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আজ রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ৩২ নম্বরে ড্যাফোডিল প্লাজায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ইনস্টিটিউব অব জেরিয়াট্রিক মেডিসিন নামে একটি প্রতিষ্ঠান করা যেতে পারে, এটা আমাদের দেশে করা উচিত। আমার মনে হয়, প্রবীণেরা উদ্যোগ নিলে এটা বাস্তবে রূপ নেবে।’
তিনি বলেন, ‘প্রবীণ হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকেও অনেকে শূন্যতায় ভোগেন। এজন্য একটি ইনস্টিটিউট করলে এটা সহায়ক হবে। আমরা সবাই যেন শতবর্ষী হয়ে সমাজকে-দেশকে কিছু দিতে পারি, এ দিকে আমরা খেয়াল রাখবো।’
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। তারা যেন নিগৃহীত না হন, প্রত্যেক ছেলে-মেয়েরই তাঁর বাবা-মায়ের পরিচর্যা করা অপরিহার্য কর্তব্য। এ ব্যাপারে কোর্টের একটি নির্দেশনা আছে যে, বাবা-মাকে আলাদা করা যাবে না। সেই আইনটা যেন অনুসরণ করা হয়।’
প্রবীণদের সম্মানে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রত্যাশা করে তিনি বলেন, ‘হাসপাতালসহ সর্বত্র সেবা গ্রহণের বেলায় প্রবীণদেরকে অগ্রাধিকারি দিতে হবে, তারা যেন নিশ্চিতভাবেই সুবিধা পান। বাসে-ট্রেনে যেখানেই হোক, প্রবীণদেরকে বসতে দিতে হবে। দেখামাত্র তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। অবশ্য এটা উল্লেখ করারও দরকার নেই। কারণ আমরা দেখতে পাই, প্রবীণদের দেখার সঙ্গে সঙ্গে নবীনরা উঠে দাঁড়ায়।’
এ সময় তাদেরকে হয়রানি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএসএমএমইউ ভিসি। বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীসহ কারও কাছেই যেন প্রবীণরা সামান্যতম হয়রানির শিকার না হন, এ ব্যাপারে আমাদেরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে মামলা-মোকদ্দমা, জেরাসহ প্রয়োজনীয় কথা-বার্তা তাদের বাসায় গিয়ে করতে হবে। এজন্য প্রয়োজনে আইন করা যেতে পারে।’
‘শিশু ও মহিলাদের জন্য বাজেটে বরাদ্দ আছে, প্রবীণদের জন্যও এটা থাকা জরুরি। এটা যেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়’—যোগ করেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
এ সময় সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবন-যাপনের পাশাপাশি সুষম খাবার গ্রহণের ওপর জোর দেন তিনি। বিএসএমএমইউ ভিসি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্যও ঝুঁকির না। আগে বলা হতো, তেল খাওয়া যাবে না। তবে মাছের তেল কিন্তু হার্টের জন্য উপকারী। এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে সবাইকে সচল-সক্রিয় থাকতে হবে।
এ সময় মনের স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনটা ভালো রাখবেন। হাসলেই তো মনটা ভালো থাকে। সুতরাং হাসুন।
দিবসটি উপলক্ষে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্পও পরিচালনা করা হয়। এতে চক্ষু, মেমোরি/ডিমেনশিয়া ও ব্লাড সুগার টেস্ট এবং ব্লাড প্রেসার, পালস ও অক্সিজেনের মাত্রা নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব রাশেদ সোহরাওয়ার্দী।উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক।
এমইউ