চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে : মেয়র
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্যের মান বাড়াতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশন হিসেবে চসিকে স্বাস্থ্য ও শিক্ষা সেবা দেওয়ার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চসিক চিকিৎসকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মেয়র রেজাউল করিম বলেন, ‘আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছি। করোনা মহামারি, টিকা কার্যক্রম ও সাম্প্রতিক ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় চসিকের স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতোমধ্যে চিকিৎসকদের স্থায়ী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার লক্ষ্য চসিকের স্বাস্থ্য বিভাগকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা।’
সভাপতির বক্তব্যে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘অনেক চিকিৎসকের চাকরি স্থায়ী না হওয়ায় মেধাবীরা চসিকে যোগ দিচ্ছেন না। যোগ দিলেও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। আর যারা আছেন তারাও হীনমন্যতায় ভুগছেন।’
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, আবদুস সালাম মাসুম, নুরুল আমীন, নুরুল আমিন মিয়া, এসরারুল হক, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম।
-
১৮ জুন, ২০২৫
-
০৩ নভেম্বর, ২০২৪
-
০৮ সেপ্টেম্বর, ২০২৩
-
০৪ জুন, ২০২০