ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৮২
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।
আজ শুক্রবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১১ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় সাত হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৩৯২ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৬৮ জন। ঢাকায় ছয় হাজার ৩৯২ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে।
-
৬ ঘন্টা আগে
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬